বিশেষ প্রতিবেদন, বিশ্বনাথ (সিলেট):
সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনপদ বিশ্বনাথ উপজেলা বিএনপি এখন এক গভীর কোন্দল ও চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর নিখোঁজের পর তাঁর স্ত্রী তাহসিনা রুশদী লুনা দীর্ঘদিন দলের হাল ধরে রাখলেও, সাম্প্রতিক সময়ে দলের নীতি-নির্ধারণী পর্যায়ে হুমায়ুন কবিরের উত্থানে বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের রাজনৈতিক প্রভাব ও কৌশলের কাছে লুনা গ্রুপ কার্যত কোণঠাসা হয়ে পড়েছে।
তৃণমূলের রাজনীতিতে দীর্ঘদিনের অভিভাবক হিসেবে লুনার একক প্রভাব থাকলেও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠতা ও কেন্দ্রের আশীর্বাদকে পুঁজি করে বিশ্বনাথে নিজের এক শক্তিশালী বলয় তৈরি করেছেন হুমায়ুন কবির। এর ফলে বিশ্বনাথ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল-ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এখন দুই ভাগে বিভক্ত। লুনার অনুসারীরা অভিযোগ করছেন, প্রবাসে থেকে তারেক রহমানের নাম ভাঙিয়ে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে হুমায়ুন সমর্থকরা বলছেন, বিশ্বনাথ বিএনপিকে কোনো একক পরিবারের পকেট সংগঠন হতে দেওয়া যাবে না।
এই মনস্তাত্ত্বিক লড়াই ইতোমধ্যে রাজপথের সহিংসতায় রূপ নিয়েছে। গত অক্টোবর মাসে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার (লুনা পক্ষ) ও পুরান বাজার (হুমায়ুন পক্ষ) এলাকায় দুই গ্রুপের কর্মীদের মধ্যে বড় ধরনের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। জেলা বিএনপির পক্ষ থেকে একাধিক সমন্বয় বা আপস বৈঠক করা হলেও স্থানীয় পর্যায়ে দুই গ্রুপের মারমুখী অবস্থান ও শীতল যুদ্ধ থামেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বনাথে বর্তমানে লোনা গ্রুপের চেয়ে হুমায়ুন গ্রুপ স্পষ্টতই অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত রূপ নিয়েছে, যার ফলে লোনা গ্রুপ দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় এবং এলাকায় আধিপত্য বিস্তারের তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বনাথের পরিস্থিতি অত্যন্ত থমথমে। কেন্দ্র যদি অবিলম্বে হস্তক্ষেপ করে এই দুই শীর্ষ নেতার দূরত্ব কমিয়ে দলকে একক ছাতার নিচে আনতে না পারে, তবে যেকোনো মুহূর্তে দুই গ্রুপের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত ও প্রাণহানির আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩