তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার ঘোষপাড়ায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের দীর্ঘদিনের পৈত্রিক বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দখলচেষ্টা প্রতিহত করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন ওই পরিবারের সদস্যরা। হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঘোষপাড়ায় রনজিত কুমার ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রনজিত কুমার ঘোষের পরিবার ১৯৭১ সাল থেকে পৈত্রিক সূত্রে পাওয়া বসতভিটা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একটি কথিত জাল দলিলের ভিত্তিতে স্থানীয় সাইফুল ইসলাম ও তার সহযোগীরা ওই জমি দাবি করেন। শনিবার বিকেলে সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে জোরপূর্বক ওই জমি দখল করতে যান। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় আহতরা হলেন: রনজিত কুমার ঘোষ, মিঠুন ঘোষ, রীণা ঘোষ, রত্না ঘোষ, সুচিত্রা ঘোষ ও সন্দীপ ঘোষ। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রনজিত কুমার ঘোষ অভিযোগ করে বলেন, "এটি কেবল জমি দখলের চেষ্টা নয়; বরং আমাদের ভয়ভীতি প্রদর্শন করে পৈত্রিক ভিটেমাটি থেকে উচ্ছেদ করার একটি পরিকল্পিত অপচেষ্টা। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" ভুক্তভোগী পরিবারটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারটি থানায় এসেছিল। তাদের একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩