তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকালে (১৮ জুন) কলেজ মিলনায়তনে "বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিষমডাঙ্গা স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম "আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং তোমাদের নতুন পথচলার সূচনা। বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজ তোমাদের শিখিয়েছে স্বপ্ন দেখতে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সততা, নিষ্ঠা আর মেধাকে পাথেয় করো। শিক্ষকদের আশীর্বাদ আর প্রতিষ্ঠানের ঐতিহ্য বুকে নিয়ে তোমরা এগিয়ে যাও। আসন্ন এইচএসি পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি।"
শেষ হলো আরেকটি অধ্যায়। দীর্ঘ দুই বছরের হাসি-কান্না, খুনসুটি আর শেখার পালা চুকিয়ে আবেগঘন পরিবেশে বিদায় নিলো ১০৭ জন শিক্ষার্থী। শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন গড়ার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, "এই শ্রেণিকক্ষ, এই বারান্দা, শিক্ষকদের শাসন আর সহপাঠীদের ভালোবাসা আজ সবই স্মৃতি। আপনাদের দেওয়া শিক্ষাই আমাদের আগামীর পথের পাথেয়।"শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে সিনিয়র আপুদের বিদায় জানায়। তাদের আবেগী পরিবেশনায় শিক্ষক-শিক্ষার্থীদের অনেকের চোখেই জল চলে আসে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, স্মারক উপহার ও ফুল তুলে দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিদায়ের বেদনা আর নতুন স্বপ্নের প্রত্যয় নিয়ে এক আবেগঘন দিন পার করলো বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজ পরিবার।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩