খালেদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের প্রায় ৯৫ টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে । এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ছয়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ভুরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ক্ষুদ্র কাপড় ব্যবসায়িদের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের ৮০ টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির অফিসসহ ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌঁছি এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এখানে যারা ব্যবসায়ী তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা করে। এখন এরা নিঃস্ব হয়ে গেলো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সহায়তার দাবি জানান তারা।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সার্কেল এএসপি ও ভুরুঙ্গামারী সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানদারের তালিকা প্রস্তুতপূর্বক সরকারের পক্ষ হতে আর্থিক ও অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩