“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে উদযাপিত হয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লীনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।
মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিডি ক্লীনের ২৫টি টিম একযোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। প্রতিটি টিমে ১০ জন করে মোট ২৫০ জন স্বেচ্ছাসেবী তিন ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা সড়ক ও জনসমাগমস্থলে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন।
১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কিত ১০টি বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করেন। তাদের এ কার্যক্রম পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে এবং ইতিবাচক সাড়া ফেলে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গাজীপুর বিডি ক্লীনের সমন্বয়ক রেদাউন হাসান বলেন, “আজ আমাদের সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আমরা পরিচ্ছন্নতা বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছি। আমাদের উদ্দেশ্য শুধু ময়লা পরিষ্কার করা নয়, বরং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করা, যাতে সবাই পরিচ্ছন্ন পরিবেশ গঠনে ভূমিকা রাখে।”
এ সময় গাজীপুর মহানগর বিডি ক্লীনের সিনিয়র সদস্য আবু হাসান সাগর শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তারা বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে এমন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হওয়া প্রয়োজন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩