বিশেষ প্রতিনিধি , গাজীপুর:
রাজধানীর পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান পাবলিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বিদ্যালয় সংলগ্ন মৃধাবাড়ি সড়কে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। শিশু শিক্ষার্থীরা “রামিসা হত্যার বিচার চাই”, “শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই” এবং “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন”সহ বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম নাঈম। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড সোসাইটি (বিকেএ)-এর সভাপতি শফিকুল ইসলাম খান সবুজ, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু হাসান সাগর, শিক্ষক ইব্রাহিম শেখ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একটি শিশুর ওপর এমন নির্মম ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য উদ্বেগ ও শঙ্কার বিষয়। দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা রোধে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা প্রয়োজন।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ জরুরি।
মানববন্ধন থেকে রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩