রুহিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন ।
সহকারী বার্তা সম্পাদক_
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের একটি স্টোর রুমে এই আগুন লাগে। এতে বিদ্যালয়ের আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যায়। তবে ঘটনাটি বৈদ্যুতিক গোলযোগ নাকি নাশকতা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখে কয়েকজন ছাত্র তাৎক্ষণিকভাবে সহকারী প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। খবর পেয়ে সহকারী প্রধান শিক্ষক জীতেন্দ্রনাথ গোস্বামী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্টোর রুমে থাকা পুরাতন আলমারি, চেয়ার-টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে ধারণা করা হলেও ইলেকট্রিশিয়ানরা তা নাকচ করে দিয়েছেন। সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের মতে, শর্ট সার্কিট থেকে আগুন লাগলে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ার কথা ছিল। কিন্তু আগুন নির্দিষ্ট একটি কক্ষেই সীমাবদ্ধ ছিল। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, বাইরের কেউ বারান্দা দিয়ে এসে স্টোর রুমে আগুন লাগিয়ে দিয়েছে। এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি বলেও তিনি জানান। উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে এসএসসি পরীক্ষা চলমান থাকায় একটি পরীক্ষা কেন্দ্রে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩