
সাবরিনা জাহান,
বিশেষ প্রতিনিধি,গাজীপুরঃ
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দুলাল মার্কেটে সুদের পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রানু বেগম ওরফে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি ছাত্রদল নেতা আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে আশিককে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাছা থানার পশ্চিম কলমেশ্বর এলাকার দুলাল মার্কেটের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত রানী বেগম স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক ছিলেন। কাপড় ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় সুদের ভিত্তিতে অর্থ লেনদেন করতেন।
একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আশিক ধারালো ছুরি দিয়ে রানীর বুকে উপর্যুপরি আঘাত করে। মাকে বাঁচাতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয় (২২)-কেও ছুরিকাঘাত করা হয়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানী বেগমকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেনএ ঘটনায় নিহতের ছেলে হৃদয় বাদী হয়ে গাছা মেট্রো থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আশিক ছাড়াও তার পিতা নজরুল ইসলাম ও রনি নামের এক ব্যক্তি এজাহারভুক্ত আসামি।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩