সাত্তার আব্বাসী, (চৌহালী প্রতিনিধি): “সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার চৌহালীর এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ পালন করেছে।
শনিবার (১৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় বহির্বিভাগ (ওপিডি) প্রাঙ্গণে। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, নার্স ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে ওপিডি চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ এবং কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলতা সহ নানা মারাত্মক জটিলতার ঝুঁকি সৃষ্টি করে। অথচ নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনাচার ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণই দীর্ঘজীবনের চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠান শুধু চিকিৎসাসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপন তারই একটি অংশ।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. এস. এ. এম. হুসনায়েন (নান্না), সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ডা. কামরুল হুদা মোহাম্মদ সোহেল ও ডা. আফসানা মৌরি শোহানী প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,
“উচ্চ রক্তচাপ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, দৈনন্দিন ব্যায়াম ও পরিমিত জীবনাচার গড়ে তোলার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে শিক্ষিতকরণ জরুরি।”
তাঁরা আরও জানান, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঝুঁকি হ্রাসে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগ, এবং এতে সহযোগিতা করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ জনগণের মধ্যে উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের প্রবণতা গড়ে তুলবে।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে প্রতি বছর ১৭ মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’। বিশ্ব হাইপারটেনশন লিগ (WHL)-এর উদ্যোগে শুরু হওয়া এই দিবসের মূল লক্ষ্য হল—উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো তুলে ধরা। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সেই আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে নিজস্ব পরিসরে এই দিবসটি উদযাপন করে জনস্বাস্থ্যের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩