
রংপুরে পল্লী জনপদ হাউজিং সোসাইটি'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল করিম নির্বাচিত হয়েছেন। পল্লী জনপদ, রংপুর-এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুর হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রংপুর পল্লী জনপদ হাউজিং সোসাইটির ১ নম্বর টাওয়ারের ২য় তলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট দান কার্যক্রম। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট দিতে আসেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
জানা যায়, দুটি প্যানেল থেকে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ ১২০ ভোট পেয়ে প্রাথমিক ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সুলতান আরেফিন শাহিন, তিনি পেয়েছেন ৬৯ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মোঃ রাশিদুল করিম ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ মাজেদুল হক, তিনি পেয়েছেন ৭৪ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে মোছাঃ মোয়াজ্জেমা নাহিদ ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এলিজা নাসরিন লিজা, তিনি পেয়েছেন ৮৫ ভোট। কোষাধ্যক্ষ পদে অতুল চন্দ্র শর্মা ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ শামীম মিয়া, তিনি পেয়েছেন ৮৯ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য পদে ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন-মোঃ শাহীনুর আলম খান, শাহনাজ বাহার, সাহিদা আক্তার, মোঃ মাইদুল ইসলাম (মিশন), মোঃ আজাদ হোসেন, নিত্যরঞ্জন সরকার, মোঃ আব্দুর রহিম ও মোঃ কাউছার ইকবাল প্রধান।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। এসময় পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার দু'জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সরেজমিনে জানা যায়, পল্লী জনপদ রংপুর-এ ২৭২টি ফ্ল্যাট রয়েছে। অর্থাৎ ২৭২ টি ফ্ল্যাট মালিকই পল্লী জনপদ হাউজিং সোসাইটির ভোটার। তাদের ভোটে ২ বছরের জন্য নির্বাচিত হলেন প্রার্থীরা। এদিকে ফলাফল ঘোষণার পরপরই নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন পল্লী জনপদবাসী। তবে তাদের একটাই চাওয়া, জনপদে যেন বসবাসের একটা সুন্দর পরিবেশ বিরাজ করে। সবাই যেন সকল সুযোগ সুবিধা নিয়ে সম্মানের সহিত বসবাস করতে পারে। বিশেষ করে জনপদবাসীর বিভিন্ন দাবী নিয়ে তারা যেন আরডিএ-এর সাথে বসে একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্হা করে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩